এএফপির রিপোর্ট ; হিন্দু নয়, চট্টগ্রামে হামলা হয়েছিল ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে
ছাত্রজনতার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়া হচ্ছে বিভিন্ন স্থান থেকে। তার সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় কিছু মিডিয়াও। এসব চক্র পুরনো ভিডিও বা এক ঘটনার ভিডিওকে অন্য ঘটনার দাবি করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এমনই একটি ঘটনা উদঘাটন করেছে বার্তা সংস্থা এএফপি। একটি ভিডিওর উল্লেখ করে বলা হয়েছে, তাতে দেখানো হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর কিভাবে আক্রমণ হচ্ছে। আসলে সেই ভিডিওতে যে আক্রমণ সেটা হিন্দুদের বিরুদ্ধে নয়। সেটা হলো ক্ষমতাচ্যুত সরকারের সমর্থকরা সহিংসতা চলাকালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময়ের ভিডিও সেটা। ঘটনাটি বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ শহর চট্টগ্রামের। সেখানকার পুলিশ আক্রমণের শিকার ওইসব ব্যক্তিকে শনাক্ত করেছে।
তারা ঘটনার সময় একটি ৬ তলাবিশিষ্ট ভবনের পাইপ ধরে নিচে নামার চেষ্টা করছিলেন। পুলিশ বলেছে, হামলার শিকার ওইসব ব্যক্তি হিন্দু নন, তারা ক্ষমতাচ্যুত সরকারের সমর্থক। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওকে ব্যবহার করে দাবি করা হচ্ছে ওই হামলা হয়েছে হিন্দুদের ওপর।
ক্ষমতাচ্যুত সরকারের একজন সমর্থক এবং বাংলাদেশি মিডিয়া বলেছে, জুলাইয়ে সেখানে যে ঘটনা ঘটেছিল তাতে একটি রাজনৈতিক গ্রুপকে টার্গেট করা হয়েছিল। কিন্তু ২২শে জুলাই ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে বাংলায় তার ক্যাপশনে লেখা হয়েছে- ‘হিন্দু হোস্টেল ঢাকা তে, জামাতের আক্রমণে কিভাবে হিন্দু ছাত্রগুলো কার্নিশ ধরে ঝুলছে দেখুন। কতজন উপর থেকে পড়ে গেল দেখুন।’ এই ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করেছেন অর্ণব রয় নামে একজন ব্যক্তি। এতে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় একটি ইসলামপন্থি দলের সমর্থকদেরকে হামলাকারী হিসেবে দেখানোর চেষ্টা করেছেন। ভিডিওটি দেখা হয়েছে কমপক্ষে ৩৩০০ বার। তাতে দেখা যায় একদল মানুষ ৬ তলাবিশিষ্ট একটি ভবনের পাইপ বেয়ে নামার চেষ্টা করছেন। কেউ কেউ কার্নিশের ওপর অবস্থান করছেন। দু’জন মাটিতে পড়ে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের সময় এই ভিডিও ছড়িয়ে দেয়া হয়। ওদিকে ৫ই আগস্ট জনরোষে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পালিয়ে যাওয়ার পর ধর্মীয় অধিকার বিষয়ক গ্রুপগুলো হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কমপক্ষে ২০০ হামলা প্রামাণ্য হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু ওই মিথ্যা তথ্যসম্বলিত ভিডিওটি ফেসবুকের এখানে ওখানে ঘুরতে থাকে। এই ভিডিও ঢাকায় ধারণ করা হয়নি। এছাড়া ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত হামলাও ছিল না সেটা।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ সন্তোষ চাকমার মতে, এই ঘটনা ঘটেছে ঢাকা থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে চট্টগ্রামে বেলাল মসজিদ এলাকায়। এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে। তিনি এএফপিকে বলেন, ভিডিওতে দেখা যায় ভবনটি থেকে লাফিয়ে এবং ঝুলে আছেন কিছু লোক। তারা তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক শাখার সদস্য। ওদিকে গুগলে কী ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্স করে একই ভিডিও পাওয়া গেছে, যা ১৬ই জুলাই ফেসবুকে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রামে ওই ভবনের ছাদ থেকে যাদেরকে ফেলে দেয়া হয়েছে তারা ছাত্রলীগের কর্মী। চট্টগ্রাম ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি এএফপিকে বলেছেন, ১৬ই জুলাই তিনি সরকারপন্থি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। তার ভাষায়, ওই ঘটনায় যারা আহত হয়েছেন তারা ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন নেতাকর্মী। তার মধ্যে কমপক্ষে চারজন তখনকার ক্ষমতাসীন নেতা। এটা কোনো ধর্মীয় সংঘর্ষ ছিল না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন