মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

"জুলাই সনদ’ বাস্তবায়ন না করে কোনো দল রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন

“কেউ না চাইলেও এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসেবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

জুলাই সনদ’ বাস্তবায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।


বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না বলে যে সন্দহ অনেকের মনে রয়েছে, তাও অমূলক।


সালাহউদ্দিন আহমদ বলেন, “কেউ কেউ জিজ্ঞেস করছে, প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে, তার গ্যারান্টি কী? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু ফ্যাসিবাদ বাদে, সরকার, জনগণ–সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন এক বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করতে; সেটা সমগ্র জাতি দেখেছে।

আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, প্রত্যেক পার্টি প্রস্তাব দিয়েছে। বিভিন্ন সংস্কার কমিশনের দিস্তায় দিস্তায় কাগজ আমরা পেয়েছি, আমরাও দিয়েছি, এগুলো ফ্রেম হচ্ছে, একটা ঐকমত্যে পৌঁছানোর মধ্য দিয়ে ফাইনালি সেটা এমবেড হচ্ছে.. সেটা সমগ্র জাতি দেখবে।”


সই হওয়ার পর জুলাই সনদ জাতির সামনে একটি দলিল হিসেবে থাকবে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “এই ডকুমেন্টটা আর্কাইভে থাকবে, এই ডকুমেন্টটা বাস্তবায়ন না করে কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশের রাজনীতি করতে পারবে? আমি বিশ্বাস করি না।”


সালাহউদ্দিন আহমদ বলেন, “অনেকে বলে যে আপনারা বাস্তবায়ন করবেন না। আমি বলি যে, বিএনপি যে সরকার গঠন করবে, এটা কেউ শপথ করে বলেছে? আমাদেরকে কেন দায়ী করেন?

আমি বলব, যারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন সামনে, শব্দটা ওইভাবে হওয়া উচিত, তারা সবাই মোরালি অবলিগেটেড থাকবে এটা বাস্তবায়নের জন্য এই সনদের মধ্য দিয়ে।”


সনদের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে দলটির এই নেতা বলেন, “আমরা বিএনপির পক্ষ থেকে বলতে পারি, আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এই সরকার গঠিত হওয়ার আরো এক দেড় বছর আগে। ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা গ্রহণ করছি, তার অধিকাংশই… আমি সেন্ট পারসেন্ট বলব না, এই ৩১ দফার অন্তর্ভুক্ত। কিছু কিছু নতুন প্রস্তাব আছে, কিন্তু ৩১ দফাতে আরো কিছু সংস্কার প্রস্তাব আছে যেগুলো আমাদেরকে করতে হবে যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়।”


ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ ধরে তিনি বলেন, “আমি সংস্কার প্রস্তাব দেখেছিলাম ৮২৬টা… তার মধ্যে মাত্র ৫১টা বাদে বাকি সব সংস্কার প্রস্তাব আমরা একমত হয়েছি, ১১৫টা সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা ভিন্নমত অথবা মন্তব্যসহ একমত হয়েছি। এর বাইরে হচ্ছে, ১৯টা সংবিধান সংক্রান্ত মৌলিক সংস্কার হিসেবে চিহ্নিত করেছে।

কেউ না চাইলেও এই সংস্কারগুলো বাস্তবায়ন করতেই হবে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট হিসেবে, কারণ আমরা এই ৩১ দফার সংস্কার প্রস্তাবগুলো বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি… এটা আমাদের রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সংস্কারের মধ্য দিয়ে একটা নতুন গণতান্ত্রিক শক্তিশালী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করাই আমাদের প্রতিশ্রুতি।”


নাগরিক কোয়ালিশন এর উদ্যোগে সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এই গোল টেবিল আলোচনা হয়।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।