ভোট দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
ছয় বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদের এই নির্বাচনে নিজেদের রায় দেবেন প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে
ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে।
এমন এক সময়ে এই নির্বাচন হচ্ছে, যখন ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই; ক্ষমতাসীন দলের সংগঠনের দাপটও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি অনেকটাই নজিরবিহীন।
ফলে এককভাবে কোনো প্রার্থী বা প্যানেলকে বড় ব্যবধানে এগিয়ে রাখছেন না ভোটাররা।।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।
পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন; ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন ভোটার
ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী মোট ৪৭১ জন।
প্রতি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪টি।
১৮টি হলে এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। পরে ৮টা ৭ মিনিট থেকে এই কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয়। এরপর ৮টা ১০ মিনিট থেকে শুরু হয় ভোটগ্রহণ।
এ নির্বাচন সামনে রেখে রোববার আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। ক্যাম্পাসে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
দুই হাজার পুলিশ সদস্যের সঙ্গে বিজিবি সদস্যরাও এ নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন। টিএসসিতে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জলকামান, খোলা হয়েছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, এ নিরাপত্তা ব্যবস্থা ভোটের পরদিন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় সময় আরও বাড়ানো হবে। তবে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা তিনি দেখছেন না।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনও।
তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কোনো ধরনের শঙ্কা আমরা দেখছি না। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। যদি ৪টার সময়ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করলে তাদেরও সুযোগ দেওয়া হবে।”
ডাকসু নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী এই শিক্ষক বলেন, “এবারের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি অনুসরণ করতে পারে, এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে।”
শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকে কেন্দ্রে আসার অনুরোধ করেছেন। বলেছেন, “আমরা সকল অংশীজনের সহযোগিতা চাই। যেন আমরা সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি।”
এবার ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে; এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।
নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগ ও তাদের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলোর অনুপস্থিতিতে এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের বিরোধীদের মধ্যে; যারা গত বছর শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছিলেন।
ভোটে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, জুলাই আন্দোলনের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন