মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতের মানবিক ও ঐতিহাসিক প্রভাব! মুফতি মাহমুদ হাসান মাসরুর হাফিজাহুল্লাহ-এর বিশ্লেষণ

পাক-আফগান ভাতৃঘাতী লড়াই — মুফতি মাহমুদ হাসান মাসরুর হাফিযাহুল্লাহ
ফিচার ইমেজ: পাক-আফগান লড়াই
ছবি: FountNews গ্রাফিক্স টিম।

লেখক: মুফতি মাহমুদ হাসান মাসরুর হাফিযাহুল্লাহ

বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ — লেখাটি মূলভাবে সম্মানিত লেখকের রচনা হিসেবে সংরক্ষিত।

📌"পাক-আফগান ভাতৃঘাতী লড়াই"!

যার ভিতর দায়িত্বশীলতা ও অনুভূতিময়তা আছে, প্রান্তিক অ্যাঙ্গেল থেকে নয় বরং সামগ্রিকভাবে উম্মাহর মঙ্গল অনুধাবনের যোগ্যতা আছে, বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তান এবং ভারতের বিদ্যমান মুসলমান ও সাধারণ মানুষের ভূমি ও ভবিষ্যৎ নিয়ে যে সংবেদনশীল, যার ভিতরে হিংস্র পাশবিকতা তুলনায় শান্ত মানবিকতা শক্তিশালী, এরকম সকল ব্যক্তি পাকিস্তান আফগানিস্তানের লড়াইয়ে দুঃখিত, ব্যথিত, মর্মাহত দুশ্চিন্তাগ্রস্ত।

সন্দেহ নেই তালেবান গেরিলা যুদ্ধে দক্ষ, আনকনভেনশনাল লড়াই তারা পারে। সেই যুদ্ধ তারা প্রায় চল্লিশ বছর যাবত করেছে। কিন্তু পাকিস্তানের সাথে তাদের মূল যুদ্ধটা হবে কনভেনশনাল, নিয়মতান্ত্রিক আধুনিক যুদ্ধ। তাই হুটহাট করে এমন কোন যুদ্ধে তাদের জড়ানো উচিত হবে না, যার উল্লেখযোগ্য কোন সুফল নেই। এতে তাদের জনগণ বিরক্ত হয়ে উঠতে পারে, উন্নয়ন কার্যক্রম ও রাষ্ট্রপুনর্গঠন পিছিয়ে যেতে পারে।

তেমনি পাকিস্তান হল মুসলমানদের পক্ষে আন্তর্জাতিক প্রতিনিধি। আন্তর্জাতিক বিশ্বে তাদের একটা অবস্থান আছে। জায়োনিজম ও হিন্দুত্ববাদের বিরুদ্ধে তারা অনেক বড় দেয়াল। হারামাইন হেফাজতে তাদের অগ্রণী ভূমিকা রয়েছে। এমতাবস্থায় তারা আপন ভাইয়ের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে শক্তি ক্ষয় করবে, এটা কখনোই কাম্য হতে পারে না।

বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে ঐতিহাসিক বাস্তবতা ও প্রমাণিত সত্য হলো; তালেবান ছিল পাকিস্তানের মদদপুষ্ট একটি গোষ্ঠী। বিগত দুই যুদ্ধে আফগানদের বিজয়ের পিছনে পাকিস্তানের অবদান অনস্বীকার্য। বিশেষত বেসামরিক লোকজনকে আশ্রয় দেওয়া, যুদ্ধাহতদের চিকিৎসা দেওয়া, নিত্য প্রয়োজনীয় খাদ্য ও জ্বালানি সাপ্লাই দেওয়া, লিডারশিপের পরিবার-পরিজনকে আশ্রয় দেওয়া, গোয়েন্দা সহযোগিতা প্রদান করা, কূটনৈতিক পর্যায়ে সাপোর্ট দেওয়া, সামরিক ট্রেনিং দেওয়া ইত্যাদি। আফগানিস্তান ও তা=লেবান এর পক্ষে গোপনে প্রকাশ্যে এগুলো করতো পাকিস্তান।

আমেরিকা বিরোধী যুদ্ধেও পাকিস্তান একদিকে পশ্চিমাদেরকে লজিস্টিক সাপ্লাইয়ের জন্য স্থলপথ ও আকাশ পথ ব্যবহারের সুযোগ দিয়েছে, আরও বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিত হয়েছে, কিন্তু সে সময় এবং পরবর্তীতে মৌলিকভাবে পাকিস্তানের সরকার, সামরিক প্রশাসন এবং জনগণ পশ্চিমাদের পরাজিত করার পলিসি নিয়েই কাজ করেছে!

তাছাড়া তালেবানের নব্বই ভাগ লোকজন পড়াশোনা করেছে পাকিস্তানে। পাকিস্তান তাদের একটি বড় ইলমি ফিকরি ও রুহানি কেন্দ্র। আর তাদের যুদ্ধকে জিহাদ বলে সমর্থন দিয়ে প্রতিষ্ঠিত করেছে পাকিস্তানের ওলামায়ে কেরাম

এমতঅবস্থায় খোদ পাকিস্থানের সঙ্গেই যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে উপরোক্ত সমর্থন ও সহযোগিতা থেকে তারা বঞ্চিত হবে। তারা তাদের ইলমি ফিকরি ও রুহানী কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিশ্বব্যাপী মুসলমানদের অন্তরে তাদের মাহাত্ম্য, পবিত্রতা ও মর্যাদা কমে যাবে। এমন যুদ্ধে বিজয়ী হয়ে কেউ সুখী হতে পারবে না।

ভারতের সাথে আফগানিস্তানের দহরমমহরম বিশ্বের মুসলমান ভালোভাবে নিবে না। কাশ্মীর সমস্যাকে ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলে উম্মাহর এক ঐতিহাসিক অধিকারকে অসম্মান জানানোটা তালেবান সরকারের কাছ থেকে কেউ আশা করে না।

আর গ্রেটার আফগানিস্তান প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করলে কিংবা পাকিস্তানের বাহিনীকে মুরতাদ ও সরকার ব্যবস্থাকে কুফরি বলার মত খারিজিপনা করলে তালেবানের বয়ান দীর্ঘমেয়াদে আরো দুর্বল হয়ে পড়বে। নেফাজে শরীয়তের জন্য যারা খুরুজ বিদ্রোহ করছে, পাকিস্তানের সিংহভাগ আলেমের মতে তারা হারাম কাজে লিপ্ত। সুতরাং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এটা দোহা চুক্তির খেলাফও বটে

তাছাড়া লক্ষ্য করা যাচ্ছে, তালেবানের পুরো বাহিনী এখনো পর্যন্ত ইউনিফর্ম নীতি অনুসরণ করে না। তারা অনেকে সিভিলিয়ান পোশাকে যুদ্ধ করছে। এর ফলে তাদের সঙ্গে মিশে যাচ্ছে বাহিরের বিভিন্ন গোষ্ঠী। যারা যুদ্ধের শরিয়া নির্দেশিত এবং আন্তর্জাতিকভাবে চর্চিত নিয়ম নীতি অনুসরণ করে না। এর ফলে তাদেরকে সন্ত্রাসী মিলিশিয়া আখ্যায়িত করার সুযোগ তৈরি হচ্ছে। ধোকা প্রতারণা ও প্রোপাগান্ডা বৃদ্ধি পাচ্ছে।

পাকিস্তানের বাহিনী প্রধানদের ভুল ত্রুটি, জুলুম এবং স্বেচ্ছাচারিতার ফিরিস্তি তো অনেক লম্বা। আমরা সর্বান্ত কারণে তাদের সংশোধন কামনা করি। শরীয়ত বাস্তবায়নে এবং জন মানুষের অধিকার রক্ষায় তারা আরো সচেতন হবে এই কামনা করি। অন্যান্য মুসলিম দেশের বাহিনীর তুলনায় তাদের মাঝে মুসলমানদের প্রতি যে কল্যাণকামিতা, জিহাদের জজবা ও শাহাদাতের তামান্না রয়েছে, আমরা তার কদর করতে চাই।

শেষ কথা হল, পাকিস্তান আফগানিস্তান দুই ভাই। বলতে পারেন, এক ভাই নেককার আরেক ভাই বদকার! কিন্তু দোনো ভাই মুসলমান! উভয়ে ঈমানদার। এক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ হলো,
وان طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما. فان بغت احداهما على الاخرى فقاتلوا التي تبغي حتى تفيء الى امر الله মুমিনদের দুই পক্ষের মাঝে যুদ্ধ লেগে গেলে তোমরা তাদের মাঝে সন্ধি করিয়ে দাও। এরপরও যদি এর পক্ষ আরেক পক্ষের উপর চড়াও হয়, তবে চড়াও হওয়া বাগী-বিদ্রোহীর বিরুদ্ধে তোমরা লড়াই কর, যাবত না সে আল্লাহর নির্দেশের অনুগামী হয়। -সূরা হুজুরাত
হে আল্লাহ! তুমি এই উম্মতের খায়ের কর। ইমারতকে রক্ষা করো, পাকিস্তানকে হেফাজত কর। পাকিস্তান আমাদের পুরানো শক্তি, ইমারত আমাদের নতুন সম্পদ। এই শক্তি ও সম্পদ সুরক্ষিত থাকুক। হে আল্লাহ! এই দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করে দাও। বহু ক্ষেত্রে এই দুই দেশ একে অপরের মুখাপেক্ষী। হে আল্লাহ! যারা এই দুদেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে, তাল দিয়ে যাচ্ছে, তাদেরকে বুঝ দান কর।"

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।