“৫৩ বছর ধরে একাত্তরের নামে বাহাত্তরের ভেজাল চেতনা চাপিয়ে দেওয়া হয়েছে”! মওলানা মামুনুল হক
বায়তুল মোকাররমে সমাবেশ ও পাঁচ দফা দাবি
শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন। ‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ঘোষিত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ ও পরে গণমিছিল অনুষ্ঠিত হয়।
‘একাত্তরের চেতনা বিকৃত করা হয়েছে’
মাওলানা মামুনুল হক বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই। কিন্তু বাহাত্তরের সংবিধানের মাধ্যমে সেই চেতনার বিকৃতি ঘটানো হয়।
তিনি দাবি করেন, শেখ মুজিবুর রহমান ভারতের কাছ থেকে সংবিধানের নির্দেশনা এনে ধর্মনিরপেক্ষতা সংযোজনের মাধ্যমে দেশের স্বাধীনতাকে "ভারতের কাছে বিক্রি" করেছিলেন।
“যারা বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছে, তাদের সবাইকে ‘রাজাকার’ বলা হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, তারাই জাতির নায়ক।”
সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান
তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, “দেশের মানুষ জানতে চায়, বাংলাদেশ কি বাহাত্তরের ধারায় চলবে, নাকি বৈষম্যবিরোধী চেতনার ধারায়?” সকল রাজনৈতিক পক্ষকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা চব্বিশের বিপক্ষে থাকবে, তারাই বাহাত্তরের বাকশালপন্থী।”
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া অনৈতিক উল্লেখ করে মামুনুল হক বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে—এর বিকল্প চিন্তার সুযোগ বাংলাদেশের মাটিতে নেই।”
অন্য বক্তাদের বক্তব্য ও গণমিছিল
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা ছানাউল্লাহ আমিনী। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা—মাওলানা ইউসুফ আশরাফ, অ্যাডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল হক, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইলিয়াছ হামিদীসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে পল্টন মোড়, প্রেসক্লাব হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন