মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

সাভারের ঘটনায় ৩৭৭ ধারা কার্যকরের দাবিতে ৬০০ আলেমের বিবৃতি

দেশের শীর্ষস্থানীয় ৬০০ জন আলেম ও শতাধিক মাদরাসার মুহতামিম (প্রিন্সিপাল) সমকামী সহিংসতা প্রতিরোধে দণ্ডবিধির ৩৭৭ ধারা কার্যকর করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার ‘মূল্যবোধ আন্দোলন’-এর চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেনের পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। সাভারের একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষাপটে বিবৃতিটি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

সাভারের ঘটনায় উদ্বেগ

বিবৃতিতে বলা হয়, সাভারের ওই মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন সময়ে সাত বছর বয়সী শিক্ষার্থীর ওপর সংঘটিত যৌন নিপীড়নের খবরে তারা অত্যন্ত উদ্বিগ্ন ও মর্মাহত। বিবৃতিদাতাদের ভাষ্য, দ্বীনি ও নৈতিক শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলে।

ইসলামি দৃষ্টিভঙ্গি নিয়ে আলেমদের অবস্থান

বিবৃতিতে দাবি করা হয়, ইসলামে সব ধরনের অনৈতিক যৌন সম্পর্ক ও প্রকৃতিবিরুদ্ধ আচরণকে কঠোরভাবে নিষিদ্ধ ও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আলেমদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের সহিংসতায় জড়িত ব্যক্তিদের কর্মকাণ্ডের সঙ্গে মাদ্রাসার পরিবেশের কোনো সম্পর্ক থাকতে পারে না।

বিবৃতিতে আরও দাবি করা হয়, বিভিন্ন গবেষণামূলক বিশ্লেষণে শিশুদের যৌন নির্যাতনের ঝুঁকি সংক্রান্ত তথ্য উঠে এসেছে বলে তারা মনে করেন। এ প্রসঙ্গে বিবৃতিদাতারা পশ্চিমা তহবিলে পরিচালিত কিছু এনজিওর কার্যক্রম এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে নেটওয়ার্ক বিস্তারের অভিযোগ তুলেছেন, পাশাপাশি দণ্ডবিধির ৩৭৭ ধারা কার্যত নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেছেন। এসব দাবির স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বিবৃতিতে বলা হয় আমরা চাই মানুষের আস্থার জায়গা মাদরাসাগুলোতে একটিও অনাচার না ঘটুক। আমরা বিশ্বাস করি কুরআন-সুন্নাহর আইনের সঠিক প্রয়োগেই এই সমস্যার সমাধান নিহিত রয়েছে। যতদিন পর্যন্ত তা প্রতিষ্ঠিত না হচ্ছে, বিদ্যমান আইনের প্রয়োগের মাধ্যমে হলেও এই সামাজিক অবক্ষয়কে প্রতিরোধ করতে হবে।

৩৭৭ ধারার ইতিহাস প্রসঙ্গে বিবৃতি

বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৫৩৩ সালে ইংল্যান্ডে রাজা অষ্টম হেনরির আমলে ‘Buggery Act 1533’ পাস হয়েছিল, যার ভিত্তিতে ব্রিটিশরা তাদের প্রায় ৫০টি ঔপনিবেশিক অঞ্চলে একই ধরনের আইন জারি করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৭ ধারায় প্রকৃতিবিরুদ্ধ ও অস্বাভাবিক যৌন অপরাধের বিচার ও শাস্তির বিধান রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে ধারাটির কার্যকর প্রয়োগ না হওয়ায় অনৈতিকতার বিস্তার ঘটছে বলে দাবি করেন বিবৃতিদাতারা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ৯২ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ এবং ইসলামের দৃষ্টিতে সমকামিতাকে গুরুতর পাপাচার হিসেবে বিবেচনা করা হয়। তাদের দাবি, স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয় বা মেস—যেখানেই এ ধরনের সহিংসতা ঘটুক, অপরাধীদের ৩৭৭ ধারার আওতায় শাস্তি নিশ্চিত করা হোক এবং এর প্রচারে জড়িত এনজিওগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

সাভারের ঘটনায় সুনির্দিষ্ট দাবি

বিবৃতিতে বিশেষভাবে দাবি জানানো হয়, সাভারের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ৩৭৭ ধারাসহ প্রযোজ্য আইনের আওতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে যারা

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোখতার আহমাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী, মাসজিদুত তাকওয়া ধানমন্ডির খতিব মুফতি সাইফুল ইসলাম, সাইন্সল্যাব বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল এবং মাসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীর খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

স্বাক্ষরকারীদের মধ্যে আরও যারা

লেখক ও গবেষক শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী মাসউদুল করীম, বাইতুশ শাকুর জামে মাসজিদ মিরপুরের খতিব ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীর মুহতামিম ড. মুফতি ইউসুফ সুলতান, মহানগর প্রজেক্ট জামে মসজিদের খতিব মাওলানা তাহমীদুল মাওলা, ফজর ইনস্টিটিউট ঢাকার মুহতামিম রুহুল আমীন সাদী।

জামেয়া মাহমুদিয়া যাত্রাবাড়ির শিক্ষক মুফতি রেজাউল কারীম আবরার, রুপায়ন সিটি জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী, মাদরাসাতু বানাতিল ইসলাম ঢাকার খতিব আবদুল্লাহ আল ফারুক, দ্বীনিয়াত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমদ, মাদরাসাতুল কুরআন লিলবানাত মুহাম্মদপুরের মুহতামিম মুফতি সাঈদ আহমাদ, সুনিবিড় হাউজিং সোসাইটি জামে মসজিদ মুহাম্মাদপুরের খতিব মুফতি আরিফ জাব্বার কাসেমী, তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার মুহতামিম মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, সরকারি তিতুমীর কলেজ জামে মসজিদের খতিব মুফতি ইরফান জিয়া এবং মসজিদ-ই বাক্কাতিল মোবারকাহ কলাবাগানের খতিব মুফতি আবু মুহাম্মাদ রাহমানীসহ অন্যান্য বিশিষ্ট আলেম।

বিবৃতি প্রদানকারীদের পূর্ণাঙ্গ তালিকা মূল্যবোধ ডট কম (mullobodh.com) সাইটে প্রকাশিত হয়েছে।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।