মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন তাকাইচি

জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলোকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে এই উচ্চপর্যায়ের সফর।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও জাপানের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে তারেক রহমান গার্ড অব অনার পরিদর্শন করেন।

আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচিত হন। এরপর তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে দুই নেতা একান্ত বৈঠকে বসেন।

বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্ব

শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ও আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।

বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে আলোচনার ফলাফল তুলে ধরার কথা রয়েছে। এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।

সফরের অন্যতম লক্ষ্য: দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জাপানি প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহযোগিতা বৃদ্ধি।

জাপানি ব্যবসায়ী ও উন্নয়ন সংস্থার সঙ্গে বৈঠক

সফরের প্রথম দিন তারেক রহমান জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকার সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।

তারো আসোর সঙ্গে আলোচনায় ২০০৬ সালে জাপানে তাঁদের সাক্ষাতের প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আসোর ভূমিকার প্রশংসা করে তাঁকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মারুবেনি করপোরেশনের চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি, জ্বালানি ও উন্নত উৎপাদনশিল্পে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা হয়।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনাও আলোচনায় আসে।

প্রযুক্তি, কৃষি ও জ্বালানি সহযোগিতা

জাইকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত রাখা এবং চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব গড়ে তোলার প্রস্তাবের পাশাপাশি প্রযুক্তি গ্রাম ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় উঠে আসে। কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালকা প্রকৌশলশিল্প এবং জ্বালানি নিরাপত্তার মতো বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

চার দিনের সফরে বাংলাদেশের প্রতিনিধিদল

চার দিনের সফরে তারেক রহমান জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। পাশাপাশি দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সোমবার সকালে টোকিও পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতেই সফরের কর্মসূচিতে একাধিক রাজনৈতিক ও ব্যবসায়িক বৈঠক রাখা হয়েছে।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।