লাইসেন্স ছাড়া চলবে না অটো-রিকশা, নতুন বিধিমালা প্রকাশ
রাজধানী ঢাকাসহ দেশের সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার রিকশা চলাচলে নিয়ম বেঁধে দিয়েছে সরকার। নিবন্ধন, ফিটনেস সনদ ও নির্ধারিত রুট ছাড়া এসব যান চলাচল করতে পারবে না। নতুন বিধিমালায় চালক, মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬ প্রকাশ করেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ক্ষমতাবলে প্রণীত এই বিধিমালা দেশের সব সিটি করপোরেশন এলাকায় প্রযোজ্য হবে।
নিবন্ধন ছাড়া সড়কে নামানো যাবে না
নতুন নিয়ম অনুযায়ী, ই-রিকশা নিবন্ধনের জন্য নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত প্রযুক্তিগত মান এবং নিরাপত্তাব্যবস্থা বিবেচনা করা হবে।
প্রয়োজনীয় শর্ত পূরণ হলে আবেদন পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন দেওয়ার বিধান রাখা হয়েছে। আবেদন প্রত্যাখ্যান করা হলে সাত কার্যদিবসের মধ্যে কারণ লিখিতভাবে জানাতে হবে। প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে।
নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য স্বতন্ত্র নম্বর ও কিউআর কোডযুক্ত নম্বর প্লেট দেওয়া হবে। গাড়ির দৃশ্যমান স্থানে সেটি প্রদর্শন করতে হবে। নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর।
- একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন নেওয়া যাবে।
- বুয়েটের নির্ধারিত মান অনুযায়ী ফিটনেস সনদ নিতে হবে।
- সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষর ছাড়া নিবন্ধন বা নবায়ন করা যাবে না।
- এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।
মহাসড়ক ও ফুটপাতে চলাচলে নিষেধাজ্ঞা
বিধিমালায় ই-রিকশার চলাচলের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা আরোপ করা হয়েছে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং প্রশাসনের নিষিদ্ধ ঘোষিত পথে এসব যান চালানো যাবে না। ফুটপাতেও ই-রিকশা চলাচল নিষিদ্ধ।
চালকদের সড়কের বাম পাশের লেন অনুসরণ করতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা, নিয়মবহির্ভূতভাবে অন্য যানকে অতিক্রম করা এবং অনিয়ম করে লেন পরিবর্তন করা যাবে না।
যাত্রী, গতি ও হর্নের সীমা
ই-রিকশার আকার অনুযায়ী চালক ছাড়া সর্বোচ্চ দুই অথবা চারজন যাত্রী বহন করা যাবে। যাত্রীর হাতে বহনযোগ্য মালামাল ছাড়া অন্য বাণিজ্যিক পণ্য পরিবহনের অনুমতি থাকবে না।
হর্নের শব্দের মাত্রা ৪০ ডেসিবেলের বেশি হতে পারবে না। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় এবং জনবহুল এলাকায় ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১৫ কিলোমিটার।
জোনভিত্তিক রুট নির্ধারণ করবে কর্তৃপক্ষ
সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে ই-রিকশার চলাচলের রুট নির্ধারণ করবে। অঞ্চলকে বিভিন্ন জোনে ভাগ করে প্রতিটি জোনে কতটি ই-রিকশা চলবে, কোন পথে চলবে এবং কোন রঙের গাড়ি ব্যবহার করা হবে, তা নির্ধারণ করা হবে। এক জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
চালকদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, ব্যাটারি ব্যবহার এবং গাড়ির রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে কর্তৃপক্ষ। পাশাপাশি প্রতিটি ওয়ার্ড বা উপযুক্ত স্থানে পার্কিংয়ের জায়গা নির্ধারণের বিধান রাখা হয়েছে।
চার্জিং স্টেশনেও মানতে হবে নিয়ম
ই-রিকশার ব্যাটারি অনুমোদিত চার্জিং পয়েন্ট বা নির্দিষ্ট গ্যারেজে চার্জ দিতে হবে। এসব স্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সৌরশক্তিসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়েছে।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে সংশ্লিষ্ট আইনে শাস্তির বিধান কার্যকর হবে। চার্জিং স্টেশন ও ব্যাটারি বিনিময় কেন্দ্র স্থাপনেও অনুমোদিত ব্যবস্থা অনুসরণ করতে হবে।
যান্ত্রিক ত্রুটি থাকলে চলবে না গাড়ি
প্রতিটি ই-রিকশায় স্পিডোমিটার বা ওডোমিটার স্থাপন করতে হবে। যান্ত্রিক ত্রুটি কিংবা নিরাপত্তাজনিত সমস্যা থাকলে গাড়ি চালানো নিষিদ্ধ। ত্রুটি দেখা দিলে সামনের দৃশ্যমান স্থানে চলাচলের অনুপযোগিতার সংকেত দেখিয়ে মেরামতের ব্যবস্থা নিতে হবে।
নিবন্ধনের তারিখ থেকে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। মেয়াদ শেষ হলে নম্বর প্লেটসহ নিবন্ধন বাতিল করতে হবে। পর্যায়ক্রমে ই-রিকশাকে বিমার আওতায় আনার পরিকল্পনাও বিধিমালায় রাখা হয়েছে।
অবৈধ ই-রিকশা চলাচল বন্ধ করতে ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যৌথভাবে অথবা পৃথকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
পরিবেশ সুরক্ষার বিষয়টিও নতুন নিয়মে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুরোনো বা অকেজো ব্যাটারি কিংবা ব্যাটারির অংশবিশেষ খোলা জায়গা, মাটি, জলাশয় বা সাধারণ বর্জ্যে ফেলা কিংবা পোড়ানো যাবে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন