সৌদি আরবে আইন লঙ্ঘন: এক সপ্তাহে বহিষ্কার প্রায় ১৪ হাজার প্রবাসী

শ্রম, আবাসন ও সীমান্ত আইন ভঙ্গের দায়ে এক সপ্তাহের ব্যবধানে বিশ্বের বিভিন্ন দেশের ১৩ হাজার ৯৩৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব প্রশাসন। দেশজুড়ে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে একই সময়ে আটক হয়েছেন ৯ হাজার ১৬৯ জন আইন লঙ্ঘনকারী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।
অভিযানে আটক ও বহিষ্কারের বিস্তারিত চিত্র
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন ভাঙায় ৪ হাজার ৭৯৭ জন, সীমান্ত সুরক্ষা আইন অমান্য করায় ২ হাজার ৬২৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭৪৯ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি, অবৈধ উপায়ে সৌদি ভূখণ্ডে ঢোকার চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জন এবং সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাইরে যাওয়ার সময় ২১ জনকে পাকড়াও করা হয়েছে সাবাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া আইন অমান্যকারীদের আশ্রয়, যাতায়াত, কাজ কিংবা প্রচ্ছন্ন সহযোগিতা প্রদানের অপরাধে আরও ২৩ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে।
সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানার হুঁশিয়ারি
সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী কিংবা অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয়, পরিবহন বা যেকোনো ধরনের সাহায্য প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অপরাধের দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। এমনকি অপরাধে ব্যবহৃত বাড়ি কিংবা যানবাহনও বাজোপ্ত করা হতে পারে এবং দোষীদের নাম জনসমক্ষে প্রকাশ করা হতে পারে। মন্ত্রণালয় এই ধরনের অপরাধকে বিশ্বাসভঙ্গ ও গুরুতর অপরাধের পর্যায়ে ফেলেছে।
যেকোনো ধরনের আইনভঙ্গের তথ্য জানাতে রিয়াদ, মক্কা, মদিনা ও পূর্বাঞ্চল প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, সংবাদদাতার পরিচয় ও তথ্য সম্পূর্ণ গোপনীয় রাখা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন