সংসদের চতুর্থ অধিবেশন শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। দিনের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন প্রণয়ন কার্যাবলি।
উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ
তৃতীয় অধিবেশনের পর থেকে চতুর্থ অধিবেশন শুরুর আগে তিনটি অধ্যাদেশ জারি হয়েছে। এগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
আজকের বৈঠকে অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে।
অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
গতকাল জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে চতুর্থ অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।
সংসদে জমা পড়েছে ৩ হাজার ৭৫১টি প্রশ্ন
এ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি।
এ ছাড়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য বিধি-৭১ অনুযায়ী ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।
আজকের অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক
FountNews
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন