মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

সীমান্তের ওপারে কে কী করছে দেখার বিষয় নয়, দেশের অভ্যন্তরে অপতৎপরতা বরদাস্ত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে কে কী করছে, তা নিয়ে মাথাব্যথা নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের অভ্যন্তরে বা এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। একই সঙ্গে ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও হাসপাতালের কার্যক্রম

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল বাহিনী দেশের যেকোনো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে বদ্ধপরিকর। পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি ঘোষণা দেন, আহত সদস্যদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, এপিবিএন, বিজিবি এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। মন্ত্রী জানান, ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিলেও বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদী ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও তারা কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি, যা দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে।

শ্রমিক অসন্তোষ ও অপচেষ্টা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিকরা ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু'একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা সফল হবে না।

হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। এ সময় হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

আহত পুলিশ সদস্যদের তথ্য

সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ছয় জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর ও একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। তারা হলেন— দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও আইজিপি মো. আলী হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।