মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি? ইসলাম যা বলে

সন্তান না হলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে কি? ইসলাম যা বলে

বিয়ের দীর্ঘ সময় পরও অনেক দম্পতির কোল আলো করে সন্তান আসে না। এ পরিস্থিতিতে স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক অস্থিরতা ও পারিবারিক জটিলতা তৈরি হয়। অনেকের মনেই প্রশ্ন জাগে, কেবল সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে কি না এবং সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ের বিধান কী? এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট।

সন্তান না হওয়ার ইসলামী দৃষ্টিভঙ্গি

পবিত্র কোরআনে সন্তান দান বা না করাকে সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাধীন বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। সুরা আশ-শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতে এরশাদ হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা পুত্রসন্তান বা কন্যাসন্তান দান করেন, কাউকে উভয়টি দেন আবার কাউকে নিঃসন্তান রাখেন। তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। অতএব, সন্তান না থাকাকে স্ত্রীর কোনো ধরনের ত্রুটি বা অপরাধ হিসেবে গণ্য করার কোনো অবকাশ নেই। শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও সন্তান না আসলে কাউকে দোষারোপ করা শরিয়তসম্মত নয়।

শুধু সন্তান না হওয়ায় তালাকের বিধান

ইসলামী বিশেষজ্ঞদের মতে, স্ত্রীর বাহ্যিক বা চারিত্রিক কোনো গুরুতর সমস্যা না থাকলে শুধু সন্তান হচ্ছে না—এই কারণে তাকে তালাক দেওয়া অনুচিত। দাম্পত্য জীবনে অপ্রয়োজনে বিচ্ছেদ ঘটানো এবং জীবনসঙ্গিনীকে কষ্ট দেওয়া ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। বিশেষ কোনো শরিয়তসম্মত কারণ ছাড়া কেবল সন্তান না হওয়ার কারণে তালাকের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা আবশ্যক।

দ্বিতীয় বিয়ের সুযোগ ও শর্ত

ইসলামে একজন পুরুষের নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি রয়েছে, তবে একাধিক স্ত্রী থাকলে তাদের মাঝে পূর্ণ ইনসাফ ও অধিকার রক্ষা করা ফরজ। আলেমদের পরামর্শ হলো, কেবল সন্তান পাওয়ার আশায় দ্বিতীয় বিয়ে করা উচিত নয়; কারণ দ্বিতীয় স্ত্রীর গর্ভেও সন্তান আসার কোনো নিশ্চিত গ্যারান্টি নেই, তিনিও সন্তানহীন হতে পারেন। কেবল বৈধ কোনো শরিয়ি প্রয়োজন থাকলে এবং স্ত্রীদের মধ্যে ন্যায়বিচার করার পূর্ণ সামর্থ্য থাকলেই কেবল দ্বিতীয় বিবাহ করা যেতে পারে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'যার দুই স্ত্রী রয়েছে, আর সে একজনের প্রতি ঝুঁকে পড়ে, কিয়ামতের দিন সে তার এক পাশ হেলানো অবস্থায় উপস্থিত হবে।' (সুনানে আবু দাউদ)

সন্তান লাভে কোরআনের দুটি দোয়া

১. হজরত জাকারিয়া (আ.)-এর দোয়া:
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِينَ
উচ্চারণ: রব্বি লা তাযারনি ফারদাওঁ, ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।
অর্থ: হে আমার রব! আমাকে একা রেখে দিও না। আর তুমিই শ্রেষ্ঠ উত্তরাধিকারী। (সুরা আল-আম্বিয়া, আয়াত: ৮৯)

২. সুরা আলে ইমরানের দোয়া:
رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
উচ্চারণ: রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ।
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত: ৩৮)

এছাড়াও নিয়মিত ইস্তিগফার পাঠ, ধৈর্য ধারণ এবং সামর্থ্য অনুযায়ী সদকা করার তাগিদ দিয়েছেন আলেমরা।

চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ

সন্তান না হওয়ার পেছনে নারী কিংবা পুরুষ উভয়েরই বিভিন্ন শারীরিক বা হরমোনঘটিত কারণ থাকতে পারে। তাই এককভাবে স্ত্রীকে দায়ী না করে স্বামী-স্ত্রী উভয়েরই উচিত দক্ষ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। সন্তান না হওয়া কোনো অপরাধ নয়; তাই এ কারণে সম্পর্কে তিক্ততা না বাড়িয়ে পারস্পরিক সহমর্মিতা বজায় রাখা, চিকিৎসা গ্রহণ করা এবং একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে দোয়া করাই শ্রেয়।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।