মূল কনটেন্টে যান
অ্যাপ ইনস্টল করুন

বিজ্ঞাপন 1

শিরোনাম
শিরোনাম লোড হচ্ছে…

বর্তমান ইসলামী দলগুলোর মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: ওলীপুরী

বর্তমান ইসলামী দলগুলোর মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: ওলীপুরী

বাংলাদেশের বর্তমান ইসলামী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন বিশিষ্ট আলেম ও মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। তাঁর মতে, ইসলামী রাজনীতির নামে সক্রিয় অনেক দলের আকিদা ও আমল-আখলাক বিশুদ্ধ নয়। পাশাপাশি দলগুলোর পারস্পরিক বিভক্তি ও নেতৃত্বের বিরোধের কারণে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনও কঠিন। এ পরিস্থিতিতে বিশুদ্ধ আকিদা ও আমল-আখলাকের অধিকারী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ইসলামী রাজনীতি, আলেম সমাজের ঐক্য, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বকে ঘিরে বিতর্ক, ওয়াজ মাহফিলের বক্তাদের ভূমিকা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী।

সাক্ষাৎকার

প্রশ্ন: ডা. জাকির নায়েকের কিছু বক্তব্য নিয়ে অতীতে আপনি কঠোর সমালোচনা করেছিলেন। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

ওলীপুরী: ডা. জাকির নায়েক একসময় বিশ্বের বিভিন্ন মাজহাবের অনুসারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিশেষ করে চার মাজহাবের অনুসারীদের প্রতি তাঁর বক্তব্য নিয়ে আলোচনা হয়েছিল। বর্তমানে তিনি সেসব বক্তব্য প্রত্যাহার করেছেন কি না, তা আমার জানা নেই। বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁর সম্পর্কে নতুন করে মন্তব্য করার সুযোগ নেই।

প্রশ্ন: সমসাময়িক কয়েকজন জনপ্রিয় আলেমের সঙ্গে আপনার সম্পর্ক এবং তাঁদের বিভিন্ন বক্তব্য নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আপনার অবস্থান কী?

ওলীপুরী: প্রথম কথা হলো, হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) মৃত ব্যক্তিদের ভালো দিক নিয়ে আলোচনা করতে বলেছেন। তাই কোনো মৃত ব্যক্তির বিষয়ে আমার অভিযোগ থাকলেও তা নিয়ে আর কথা বাড়াতে চাই না।

দ্বিতীয়ত, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন, তাঁরা সাধারণত ধর্মপ্রাণ মানুষের কষ্টার্জিত অর্থ থেকে পাওয়া চাঁদা দিয়ে মাহফিলের খরচ বহন করেন। এমন অবস্থায় বক্তাদের পারিশ্রমিক ও চুক্তির বিষয়টি বিবেচনা করা দরকার। মোটা অঙ্কের অর্থের প্রত্যক্ষ বা পরোক্ষ চুক্তিতে যারা ওয়াজ মাহফিলে যান, তাঁদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। মানুষের হেদায়েতের পরিবর্তে নিজের পকেট ভারী করাই যদি উদ্দেশ্য হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়।

তৃতীয়ত, মাওলানা মামুনুল হক একসময় হকের পক্ষে ছিলেন। তখন আমি তাঁর সমর্থক ছিলাম। কিন্তু তাঁর বক্তব্য যখন হকের বিরুদ্ধে ও বাতিলের পক্ষে উচ্চারিত হতে লাগল, তখন তাঁর সঙ্গে একমত থাকা আমার পক্ষে সম্ভব হয়নি। এ বিষয়ে আমার বিস্তারিত বক্তব্য খোলা চিঠিতে লেখা আছে।

প্রশ্ন: মাওলানা মামুনুল হকের মুরুব্বিদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান এবং এ নিয়ে আপনার কাছে পাঠানো চিঠির বিষয়ে আপনার বক্তব্য কী?

ওলীপুরী: তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার প্রতিবাদী পোস্টে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। সেখানে বিষয়টি দেখে নেওয়া যেতে পারে।

প্রশ্ন: একসময় আপনাকে ঘিরে একটি বিশেষ বলয়ের সঙ্গে সম্পর্কের আলোচনা ছিল। বর্তমানে সেই সম্পর্কের অবস্থান কী?

ওলীপুরী: এ ধরনের বলয় বা সিন্ডিকেটের বিষয়টি বুঝতে আমার অনেক সময় লেগেছে। কারণ আমি খুব সহজে কাউকে সন্দেহ করতে পারি না, আবার খুব সহজে কাউকে বিশ্বাসও করতে পারি না। অভিজ্ঞতা অর্জনের পর তাঁদের সঙ্গে আমার সম্পর্ক নেই। এটি আমার দুঃখের বিষয় নয়, বরং স্বস্তির বিষয়।

প্রশ্ন: আপনার ছেলেকে নিয়ে বিভিন্ন আলোচনা ও অভিযোগ শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

ওলীপুরী: আমার ছেলের আকিদাগত বিষয়ে তার নিজের এবং আমার স্পষ্ট বক্তব্য রয়েছে। এর বাইরে নতুন করে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে করি না। তার পারিবারিক ও ব্যক্তিগত চরিত্রের বিষয়গুলো আমি ঘরের বাইরে আলোচনা করতে পছন্দ করি না।

প্রশ্ন: মুফতি মিজানুর রহমান সাঈদ ও আপনার নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ গঠিত হলেও পরে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

ওলীপুরী: মুফতি মিজানুর রহমানের প্রতি আমার আন্তরিক ভক্তি-শ্রদ্ধা আগের মতোই রয়েছে। তবে একজন বিতর্কিত বক্তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদে আমন্ত্রণ জানানোর বিষয়ে আমি একমত হতে পারিনি। এ কারণে ওই পরিষদ থেকে বেরিয়ে এসেছি।

প্রশ্ন: অতীতে খেলাফত মজলিসের মহাসচিবকে নিয়ে আপনার কিছু মন্তব্য আলোচিত হয়েছিল। তাঁকে 'বিশৃঙ্খল' বলার কারণ কী ছিল?

ওলীপুরী: চাপের মুখে বিতর্ককে নতুনভাবে জিইয়ে তোলা আমি পছন্দ করি না। তবে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে আমার নীতি ও আদর্শের অবস্থান পরিষ্কার করতে চাই। হুকানি ওলামায়ে কেরামের সঙ্গে একমত হওয়ার দাবি করেও কেউ যদি মওদুদীবাদী চিন্তা, সংগঠন ও তার অঙ্গসংগঠনকে বাতিল মনে না করেন, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। অতীতে যারা এসব বাতিল দলের কর্মী-সদস্য ছিলেন, তাঁদের প্রকৃত পরিবর্তন তখনই বিবেচিত হবে, যখন তাঁরা প্রকাশ্যে আগের অবস্থান পরিত্যাগ করে হকের পথে ফিরে আসবেন।

প্রশ্ন: দ্বীনি অঙ্গনের ভুলত্রুটি সংশোধনের জন্য দেশের শীর্ষস্থানীয় মুরুব্বিদের কাছে বিভিন্ন সময়ে চিঠি লিখেছেন। এসব চিঠির মূল উদ্দেশ্য কী?

ওলীপুরী: এসব চিঠির কোনো হিসাব আমি রাখিনি। তবে এ বিষয়ে লেখা পত্রগুলোর অর্থ একটাই—আহলে হককে সর্বপ্রকার বাতিলের মিশ্রণ থেকে সংরক্ষণ করা।

প্রশ্ন: উম্মত ও আলেম সমাজের ঐক্যের বিষয়ে আপনি বিভিন্ন সময়ে কথা বলেছেন। হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিরোধের ক্ষেত্রে আপনার ভূমিকা কী ছিল?

ওলীপুরী: হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমি কয়েকজনের মাধ্যমে চূড়ান্ত চেষ্টা করেছি। তাঁরা কোথায় ব্যর্থ হয়েছেন, সেটি তাঁদের সঙ্গে আলোচনার বিষয়। তাঁদের জীবদ্দশায় কেউ উদ্যোগ না নিলে চাপা পড়া ইতিহাস চাপা পড়েই থাকবে।

হবিগঞ্জ জেলার কওমি মাদ্রাসা বোর্ডের বিষয়েও আমার অবস্থান পরিষ্কার। একসময় বোর্ডের সভাপতি ছিলেন জেলার প্রবীণ বুযুর্গ আলেম ও মুরুব্বি হজরত আল্লামা আবদুল মুমিন (রহ.)। বোর্ডের কিছু অনিয়ম দূর করার চেষ্টা ব্যর্থ হলে তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে বোর্ডের অধিকাংশ মাদ্রাসা বোর্ড থেকে বেরিয়ে তাঁর কাছে সমস্যার সমাধান চায়। তখন তিনি নতুন বোর্ড গঠনের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী নতুন বোর্ড গঠিত হয় এবং আমাকে সভাপতি করা হয়।

তাই বোর্ডের বিভক্তিতে আমার কী ভূমিকা ছিল, সেটি আমার বোধগম্য নয়। বরং এ বিষয়ে সংশ্লিষ্ট মুরুব্বির কাছে প্রশ্ন করা প্রয়োজন। আমি তাঁর নির্দেশনা অনুসরণ করেই চলেছি।

প্রশ্ন: ওয়াজ মাহফিলের মৌসুম শুরু হয়েছে। বক্তাদের পারিশ্রমিক ও চুক্তি নিয়ে নানা আলোচনা হচ্ছে। একজন প্রবীণ মুফাসসির হিসেবে বক্তাদের প্রতি আপনার পরামর্শ কী?

ওলীপুরী: ওয়াজ করা মানে মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এটি মূলত নবীগণের কাজ ছিল। বর্তমানে আলেমগণ এ দায়িত্ব পালন করছেন। তাই আলেমদের দায়িত্ব পালনের পদ্ধতিও নবীগণের আদর্শের ওপর হওয়া উচিত। পবিত্র কোরআনে নবীগণের আদর্শ বর্ণনা করে বলা হয়েছে, তাঁরা নিজেদের হেদায়েতের পথে থাকার জন্য কোনো বিনিময় প্রত্যাশা করতেন না। তাই ওয়াজের মূল উদ্দেশ্য মানুষের হেদায়েত হওয়া উচিত।

প্রশ্ন: আপনার দৃষ্টিতে রাজনীতি বলতে কী বোঝায়? ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক কতটা গভীর?

ওলীপুরী: রাজনীতি মানে রাষ্ট্র বা দেশ শাসনের নীতি। এটি প্রধানত দুই ধরনের। একটি প্রচলিত আইনে দেশ শাসন, অন্যটি ধর্মীয় আইনে দেশ শাসন। এ ছাড়া বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে মানবজীবনের সব সমস্যার সমাধান নেই। তাই সেসব ধর্মের অনুসারীরা ধর্মকে ব্যক্তিজীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রচলিত রাজনীতির হাতে ছেড়ে দিয়েছেন।

কিন্তু একমাত্র সত্যধর্ম ইসলাম মানবজীবনের সব সমস্যার সমাধান দিতে সক্ষম। তাই ইসলামী রাজনীতিই একমাত্র সফল রাজনীতি। এখানে সরকার ও জনগণের পারস্পরিক দায়িত্ব এবং অধিকার স্পষ্টভাবে নির্ধারিত। এগুলো লঙ্ঘন করলে সরকার ও জনগণ উভয় পক্ষকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই এখানে দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেওয়ার সুযোগ নেই।

অন্যদিকে অন্যান্য রাজনীতিতে শেষ বিচারের দিনের জবাবদিহিতার ভয় না থাকায় দুর্নীতি ও জুলুমের আশঙ্কা থাকে। তাই ইসলামী রাজনীতি অপরিহার্য। তবে এটি সফল হওয়ার জন্য মুসলমানদের ঈমান-আকিদা, ইবাদত-বন্দেগি ও স্বভাব-চরিত্র বিশুদ্ধ হওয়া প্রয়োজন।

প্রশ্ন: কারা মূলত ইসলামী রাজনীতি করার যোগ্য বলে আপনি মনে করেন?

ওলীপুরী: যাঁদের মধ্যে ইসলামী রাজনীতির উল্লেখিত গুণাবলি বিদ্যমান এবং যাঁরা সরকার ও জনগণের পারস্পরিক দায়িত্ব ও অধিকার সম্পর্কে পূর্ণ সচেতন, তাঁরাই ইসলামী রাজনীতি করার যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের সক্রিয় ইসলামী রাজনৈতিক দলগুলো দিয়ে কি প্রকৃত ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব? সম্ভব না হলে এ ক্ষেত্রে উম্মত ও ওলামায়ে কেরামের করণীয় কী?

ওলীপুরী: বর্তমানে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি বিদ্যমান। অর্থাৎ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারলে ইসলামী শাসন প্রতিষ্ঠার সুযোগ আসতে পারে। অথচ এখনকার ইসলামী নামধারী অনেক রাজনৈতিক দলের ঈমান-আকিদা ও আমল-আখলাক কিছুই শুদ্ধ নয়। অন্যদিকে দলগুলোর পারস্পরিক অনৈক্যের যে অবস্থা, তাতে তাদের পক্ষে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন এবং দেশে ইসলামী শাসন কায়েম করা কখনোই সম্ভব নয়।

তাদের অনৈক্যের কারণে ভোটগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে যায়। এমনকি অনেক সময় এমন শর্ত জুড়ে দেওয়া হয়, যা পূরণ করা সম্ভব হয় না। ফলে শর্তও পূরণ হয় না, কাজও হয় না।

এ ক্ষেত্রে সফলতার পথে অগ্রসর হওয়ার একমাত্র ব্যবস্থা হলো বিশুদ্ধ ঈমান-আকিদা ও আমল-আখলাকের অধিকারী দলগুলোর ঐক্যের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। এ বিষয়ে আমি একটি সেমিনারেও আমার মতামত জানিয়েছি।

সাক্ষাৎকারে সময় দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানানো হলে মাওলানা নুরুল ইসলাম ওলীপুরীও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্যসমূহ


আপনার ব্র্যান্ডকে লাখো পাঠকের সামনে পৌঁছে দেবার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম। রিচ, কনভার্সন ও ভ্যালু বাড়াতে আমাদের বিজ্ঞাপন প্যাকেজ দেখুন ছবিতে ক্লিক করে।