সৌদি জোটের হামলায় ইয়েমেনে ৪১ জন নিহত
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির হুথি গোষ্ঠী। শুক্রবার লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হুদাইদাহসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়।
হুথিদের দেওয়া হতাহতের এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে হামলা ও পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
হুদাইদাহ বন্দরে হামলা
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুদাইদাহ বন্দরে অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিবহন এবং চোরাচালানের কাজে ব্যবহৃত সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। জোটের ভাষ্য অনুযায়ী, বন্দর ছাড়াও রাজধানী সানা, সা'দা ও তাইজ প্রদেশে সামরিক স্থাপনায় হামলা চালানো হয়।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা এবং একটি সরবরাহ ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
পাল্টা হামলার হুঁশিয়ারি
হুদাইদাহ বন্দরে হামলার আশঙ্কার মধ্যেই সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছিল হুথিরা। গোষ্ঠীটি জেদ্দাসহ বিভিন্ন বন্দরের কর্মী ও সংশ্লিষ্টদের সরে যাওয়ার আহ্বান জানায়।
একই সঙ্গে সৌদি আকাশসীমার বেশির ভাগ অংশ এড়িয়ে চলতে বিমান সংস্থাগুলোর প্রতি সতর্কবার্তা দেয় তারা। সৌদি রাজধানী রিয়াদের আর্থিক এলাকা এবং দক্ষিণাঞ্চলের আল-শুকাইক এলাকার একটি বিদ্যুৎকেন্দ্রকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়।
ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের জিজান অঞ্চলের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আল-শুকাইক এলাকায় পড়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, হুথি নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ সৌদি জোটের হামলার পর ইয়েমেনের মোখা শহরের ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুৎকেন্দ্রের ছবি সম্প্রচার করেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন