জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের 'zAI BD'

জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকাথনে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের দল 'zAI BD'। বিশ্বের ৩৭টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে এই সাফল্য পেয়েছে দলটি।
সাফল্যের নেপথ্যে 'ক্লজচেইন'
গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত 'ইউনাইটেড নেশনস গ্লোবাল হ্যাকাথন ২০২৬'-এর চূড়ান্ত পর্বে এই জয়ী দলের নাম ঘোষণা করা হয়। ডিজিটাল বাণিজ্যবিষয়ক আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য উন্মুক্ত উৎসের এআই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্য নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করেছিল জাতিসংঘের ইউএনএসকাপ। বিজয়ী দলের তৈরি 'ক্লজচেইন' নামক প্ল্যাটফর্মটি বিভিন্ন দেশের সরকারি নথিপত্র বিশ্লেষণ করে জাতিসংঘের ডিজিটাল বাণিজ্য সূচকের সঙ্গে সামঞ্জস্য যাচাই করতে সক্ষম। এই প্রযুক্তির বিশেষত্ব হলো, এটি এআইয়ের দেওয়া প্রতিটি তথ্য মূল সরকারি নথির সঙ্গে মিলিয়ে নির্ভুলতা নিশ্চিত করে।
একনজরে ক্লজচেইন:
- বর্তমানে ১১টি দেশের আইন বিশ্লেষণে সক্ষম।
- ১ হাজার ৪৯টি সরকারি উৎস থেকে সংগৃহীত ৭৪৬টি আইন ও বিধিমালার ১ লাখ ৫৪ হাজারের বেশি ধারা প্রক্রিয়াজাত করেছে।
- সম্পূর্ণ উন্মুক্ত উৎসের এই প্ল্যাটফর্মটি নয়টি স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করে।
দেশীয় প্রযুক্তির সক্ষমতা
দলটির নেতৃত্বে ছিলেন বিডিরেনের ইনোভেশন ম্যানেজার ও এআই প্রকৌশলী আবু নাছের মুহা. নাফিউ। দলের অন্য সদস্যরা হলেন পুনম চৌধুরী, মো. সানিউল বাসির সাজ এবং মো. ইনসাফুল রহমান তুষার। বিডিরেনের ডেটা সেন্টারে স্থাপিত এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক ব্যবহার করে বিদেশি এপিআইয়ের ওপর নির্ভরতা ছাড়াই নিজস্ব অবকাঠামোতে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই অর্জনে দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, তরুণদের এই মেধা দেশের গবেষণা ও উদ্ভাবনী কাজে বড় ভূমিকা রাখবে। ইউএনএসকাপের ট্রেড পলিসি বিভাগও ক্লজচেইনকে পূর্ণাঙ্গ পণ্য হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন